চার শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলফেছানী

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে চার শর্তে তাকে এ দায়িত্বের কথা জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক সায়মা হক বিদিশাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আলমোজাদ্দেদীকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় বাতিল করতে পারবেন এ নিয়োগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক অধ্যাপক আলমোজাদ্দেদী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের জীববিজ্ঞান অনুষদের আহ্বায়ক ছিলেন। তিনি ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বর্তমান যুগ্ম মহাসচিব। তিনি বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা।
মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। পরে এ বিশ্ববিদ্যালয়েই করেন পিএইচডি।



