বিতর্ক ঢাকতে ১০ কোটি রুপি ফেরত দিচ্ছেন রণবীর

রণবীর সিং
ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের চলে যাওয়ার পর যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা কমাতে রণবীর তার নেওয়া প্রায় ১০ কোটি রুপির সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে রাজি হয়েছেন। এখানেই শেষ নয়, ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি তার পরবর্তী বড় প্রজেক্ট ‘প্রলয়’-এ এক্সেল এন্টারটেইনমেন্টকে অংশীদার বা স্টেক দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে এই অংশীদারত্বের পরিমাণ কত শতাংশ হবে, তা এখনো রাখা হয়েছে গোপন।
এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ডন ৩’ নির্মিত হওয়ার কথা ছিল এবং রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে ঘোষণাও করা হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট নিয়ে অসন্তোষ এবং কাজ শুরু করতে দেরি হওয়ার অজুহাতে রণবীর সরে দাঁড়ান প্রজেক্টটি থেকে। এরপরই এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বলে খবর চাউর হয়। তাদের দাবি ছিল, রণবীরের সম্মতিক্রমেই প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে ফেলা হয়েছিল অনেকটা।
এই বিবাদ মেটাতে ভারতের প্রোডিউসার্স গিল্ডও মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল বলে শোনা যায়। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, আমির খান দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছেন। তবে আমির খান পরে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়ে জানান, এই বিতর্কের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
রণবীর সিং সরে যাওয়ার পর ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। গুঞ্জন রয়েছে, ফারহান আখতার নিজেই হয়তো নাম ভূমিকায় ফিরতে পারেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
রণবীর সিংয়ের এই সমঝোতামূলক পদক্ষেপের পর আশা করা হচ্ছে, বলিউডের দুই প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যকার এই পেশাগত যুদ্ধ হয়তো থামবে এবার।



