স্টার সিনেপ্লেক্সে শাকিবের ‘প্রিন্স’, তবুও কাটছে না শঙ্কা

‘প্রিন্স’-এর দৃশ্যে শাকিব খান
ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ অবশেষে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে এর দুটি শো চালানো হয়েছে অভিজাত মাল্টিপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায়। স্টার সিনেপ্লেক্সের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটির সত্যতা মিলেছে। ‘প্রিন্স’-এর টিকিট অনলাইনে আসতেই শাকিবিয়ানদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের আশা, আজ মাত্র দুটি শো দেওয়া হলেও পরদিন থেকে এই সংখ্যা বাড়বে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ মুক্তি দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এ তালিকায় স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখাও ছিল। কিন্তু মাল্টিপ্লেক্সটির অফিশিয়াল ওয়েবসাইটে ছবিটির কোনো তথ্য দেখা যায়নি ঈদের প্রথম তিন দিন। অবশেষে ঈদের চতুর্থ দিনে শাকিবের ছবিটির পোস্টার, ঘরানা, ভাষা ও মুক্তির তারিখ জায়গা পেল।
তবে দুশ্চিন্তার কারণ হলো, স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে আগামী ২৬ মার্চ পর্যন্ত এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রেদওয়ান রনির ‘দম’, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ এবং রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ছবি চারটির শো-টাইম থাকলেও ‘প্রিন্স’-এর মঙ্গলবারের দুটি শো ছাড়া আর কোনো আপডেট নেই।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ঈদের দিন (২১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানায়, ‘স্টার সিনেপ্লেক্সে তৃতীয়বারের মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট) জমা দেওয়ার পরও তাদের সার্ভারের সঙ্গে এখনো সঠিকভাবে ম্যাচ করছে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপি দিয়ে ‘প্রিন্স’-এর শো চলছে, কিন্তু ব্যত্যয় ঘটছে স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে। আশা করছি, সমস্যাটির দ্রুত সমাধান হবে এবং আগামীকাল থেকেই স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছবিটি দর্শকরা উপভোগ করতে পারবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠানটির ঘোষণায় আরও বলা হয়, ‘ছবিটির ডিসিপি জমা দেওয়া হয়নি, এমন তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে তথ্যটি ভুল। ‘প্রিন্স’ টিম থেকে অনুরোধ করা হচ্ছে, এমন ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না।’
‘প্রিন্স’ নিয়ে জটিলতার কারণ জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ আগামীর সময়কে জানান, ‘পরিবেশক যথাসময়ে ডিসিপি না দেওয়ার কারণে দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ছবিটি চালাতে বিলম্ব হচ্ছে। ডিসিপি হাতে পাওয়ার পর বেশ কিছু কাজ থাকে। সেগুলো পরিপূর্ণ না হলে প্রদর্শনীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ দর্শকদের কথা ভাবতে হয় আমাদের। ডিসিপি ছাড়া ‘প্রিন্স’-এর সাউন্ড আর সার্ভার সংক্রান্ত জটিলতাও ছিল।’
গত ২২ মার্চ রবিবার রাত ৮টা ১০ মিনিটে ‘প্রিন্স’-এর একটি শো পরীক্ষামূলকভাবে চালানো হয় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায়। স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ তখন আগামীর সময়কে বলেছেন, এই প্রদর্শনীর মাধ্যমে সাউন্ড, ভিজ্যুয়ালসহ সব ঠিকঠাক আছে কি না পরখ করে দেখা হচ্ছে। পরীক্ষামূলক প্রদর্শনীতে কোনো ত্রুটি দেখা না গেলে সোমবার (২৩ মার্চ) ‘প্রিন্স’-এর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কিন্তু সোমবার সারাদিন কেটে গেলেও ‘প্রিন্স’ নিয়ে কোনো আশার বাণী দিতে পারেনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এ কারণে সাধারণ দর্শকদের মতো বিনোদন অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ মঙ্গলবার লিখেছেন, ‘আজ ঈদের চতুর্থ দিন, অথচ এই ঈদের সবচেয়ে ব্যয়বহুল ও সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমাটি দেশের সবচেয়ে বৃহৎ মাল্টিপ্লেক্সে মুক্তি পেল না। এটা শুধু এই সিনেমা বা এই প্রেক্ষাগৃহের ক্ষতি না, এটা দর্শক ও ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হয়ে থাকল! ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেলেও আমার মতো অনেক দর্শক যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের জন্য হলেও দ্রুত ডিসিপি সমস্যার সমাধান করে ‘প্রিন্স’ স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ করছি।’
জানা গেছে, ‘প্রিন্স’-এর সার্ভার পরিবেশনার দায়িত্ব পালন করছে জাজ মাল্টিমিডিয়া। গত ৩ মার্চ এই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিল, ‘জাজ মাল্টিমিডিয়া নিজেদের সার্ভার আপডেট করেছে।’ এটাই ‘প্রিন্স’-এর ডিসিপি সংক্রান্ত জটিলতার অন্যতম কারণ বলে দাবি করেছেন শাকিবের ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন। তিনি ‘প্রিন্স’-এর নির্মাণ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।
এদিকে সারা দেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে ‘প্রিন্স’। নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এর ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
এ ছাড়া আছেন পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য; বাংলাদেশের ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।
ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রিন্স’। তাঁর সঙ্গে মিলে গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে।
‘প্রিন্স’-এর আইটেম গান ‘জ্বালা জ্বালা’র সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। তিনি ও বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা এতে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন রাসেল মাহমুদ রুশো। ‘পরী’ শিরোনামের একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। তাঁর সঙ্গে এটি গেয়েছেন কোনাল। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

