ভারতের তিন নায়িকা দুবাইয়ে আটকা

মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়েও হতাহতের ঘটনা ঘটেছে। সেখানেই আটকা পড়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। বলিউডের দুই নায়িকা সোনাল চৌহান ও নার্গিস ফাখরি রয়েছেন। রয়েছেন কলকাতার শুভশ্রীও। এই তিন নায়িকার মধ্যে দুজন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দুবাইয়ে যে হোটেলে ছেলেকে নিয়ে শুভশ্রী থাকছেন, তার পাশেই বিস্ফোরণ হয়েছে বলে খবর এসেছে। ‘নবাব’ ও ‘চালবাজ’ শিরোনামে দুই সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন শুভশ্রী।
দুবাইয়ে আটকা পড়েছেন শাকিব খানের সিনেমার আরেক নায়িকা সোনাল চৌহান। দরদ চলচ্চিত্রে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সোনাল। দুবাইয়ে সোনাল চৌহান ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে লেখেন, তিনি চলমান সংকটের মধ্যে দুবাইয়ে আটকে আছেন এবং দেশে ফেরার কোনো পরিষ্কার পথ নেই। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরো আটকা পড়ে আছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১৯ সালে শাকিব খানের সঙ্গে নার্গিস ফাখরির চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল। এ নিয়ে তাদের ফটোশুটও হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাদের একই সঙ্গে আর দেখা যায়নি।

