আশা ভোঁসলেকে জন সিনার শ্রদ্ধা

সংগৃহীত ছবি
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গত রবিবার থেকে বিশ্বজুড়ে শোকের ছায়া। এবার সেই শোক মিছিলে শামিল হলেন বিশ্বখ্যাত রেসলার ও অভিনেতা জন সিনা। নিজের ইনস্টাগ্রামে কোনো ক্যাপশন ছাড়াই আশা ভোঁসলের একটি ছবি শেয়ার করে তাকে সম্মান জানিয়েছেন এই তারকা। জন সিনার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের আবেগাপ্লুত করে তোলে।
জন সিনার পোস্টে মন্তব্য করে একজন ভক্ত লিখেছেন, ‘ভারত আপনাকে ভালোবাসে, জন।’ অন্য একজন লিখেছেন, ‘এক কিংবদন্তি যখন অন্য কিংবদন্তিকে সম্মান জানায়, তখন দেখতে দারুণ লাগে।’ জন সিনা প্রায়ই তার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকাদের ছবি শেয়ার করে চমকে দেন, তবে আশা এর মৃত্যুতে তার এই নীরব শ্রদ্ধা ভক্তদের মনে বিশেষভাবে দাগ কেটেছে।
কেবল জন সিনা নন, অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি ও আশা ভোঁসলের সঙ্গে তার কাজের স্মৃতি রোমন্থন করেছেন। ২০০৬ সালে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানে আশার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে সেই স্মৃতির কথা জানিয়ে ব্রেট লি লেখেন, ‘তার সঙ্গে গান রেকর্ড করা আমার জীবনের অন্যতম সেরা পাওয়া। তার অসাধারণ প্রতিভা তো ছিলই, কিন্তু সবথেকে বেশি যা মনে থাকবে তা হলো তার নম্রতা ও উদারতা। এতো বড় মাপের একজন মানুষ হয়েও তিনি সবার সঙ্গে অবিশ্বাস্য উষ্ণতা নিয়ে কথা বলতেন।’
সোমবার বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরিবার, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং হাজার হাজার অনুরাগী।
৮ সেপ্টেম্বরের জন্ম থেকে শুরু করে ৯২ বছরের এক দীর্ঘ ও বর্ণাঢ্য জীবনের ইতি ঘটল তার শেষকৃত্যের মাধ্যমে। আরডি বর্মণের সঙ্গে তার কালজয়ী গানগুলো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই শিল্পীর অবদান সংগীত ইতিহাসে অমর হয়ে থাকবে।



