গোপনে বিয়ে সারলেন রামশা ও খুশহাল?

রামশা খান এবং খুশহাল খান
পাকিস্তানি নাটকের জনপ্রিয় দুই মুখ রামশা খান এবং খুশহাল খান। পর্দার রসায়ন থেকে বাস্তবেও কি তারা জীবনসঙ্গী হয়ে গেছেন? সম্প্রতি বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্যালাক্সি ললিউড’ এর দুই সঞ্চালক মোমিন আলী মুন্সি এবং ঈমান মুন্সি একটি রহস্যময় ইঙ্গিত দেন।
তারা জানান, পাকিস্তানের দুই ‘এ-লিস্ট’ তারকা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এরপর থেকেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন।
‘দুনিয়াপুর’ এবং ‘বিরিয়ানি’ এর মতো জনপ্রিয় নাটকে রামশা ও খুশহালের দুর্দান্ত কেমিস্ট্রি আগেই দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু আগুনের মতো এই গুজব ছড়িয়ে পড়ার পেছনে রয়েছে অন্য কিছু কারণ। অভিনেত্রী জারা নূর আব্বাস এই দুই তারকার বিয়ের খবর সম্বলিত একটি কমেন্টে লাইক দিয়েছেন, যা ভক্তরা বড় ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন।
শুধু তাই নয়, জনপ্রিয় তারকা আইমান খানও একটি পোস্টে লাইক দিয়েছেন যেখানে দাবি করা হয়েছে রামশা ও খুশহাল এখন বিবাহিত।
এত জল্পনা আর আলোচনা চললেও রামশা বা খুশহাল কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তারা কি সত্যিই বিয়ে করেছেন নাকি এটি স্রেফ রটনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
রামশা খানকে আমরা ‘সিনফ-এ-আহান’ বা ‘হাম তুম’ এর মতো নাটকে দেখেছি, অন্যদিকে মডেলিং থেকে অভিনয়ে আসা খুশহাল খানও বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে আছেন।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রিয় জুটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আসলেই কি তারা কবুল বলে ফেলেছেন? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাকল।



