সহকারী শিক্ষক নিয়োগ দ্রুত করার দাবি সুপারিশপ্রাপ্তদের

সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েও যোগ দিতে পারেননি ১৪ হাজারের বেশি প্রার্থী। চূড়ান্ত ফল প্রকাশের দুই মাসের বেশি সময় পার হলেও যোগদান করানো হয়নি তাদের। এই পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চাকরিপ্রার্থীরা।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে।
এ সময় তাদের হাতে ছিল ‘মেধার জয় হোক, নিয়োগ দ্রুত হোক’, ‘যোগ্যতার সম্মান চাই, নিয়োগপত্র এখনই চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ। ‘দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুপারিশ পেয়েছেন হাজারো প্রার্থী। তবে ফল প্রকাশের পরও এখন পর্যন্ত নিয়োগ ও পদায়নের বিষয়ে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ।
‘দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে আছেন প্রায় ১৫ হাজার প্রার্থী ও তাদের পরিবার। প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে সরকার। আশা করি চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগ দিয়ে নিরসন করা হবে শিক্ষক সংকট,’ যোগ করেন তিনি।



