কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । ছবি : সংগৃহীত
জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ তথ্য নিশ্চিত করলেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ফরহাদ।
কারামুক্তির পর একটি সাদা গাড়িতে চড়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় সাবেক স্পিকারকে।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, জামিনের কাগজ হাতে আসার পর তা করা হয় যাচাই-বাছাই। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তাকে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জাকির হোসেন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি ছিলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।



