ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

সংগৃহীত ছবি
ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে অনুভূত হয় এই কম্পন।
আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা অনেকটা কম ছিল।
ফলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য কেবল অনুভব করেছেন হালকা ঝাঁকুনি। পাওয়া যায়নি বড় কোনো ক্ষয়ক্ষতির খবর।
ভূ-তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ সরাসরি কোনো প্রধান চ্যুতিরেখার ওপর অবস্থিত না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে প্রভাবমুক্ত নয় প্রতিবেশী অঞ্চলের।
মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের অবস্থানের ফলে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হলে তার প্রভাব প্রায়ই অনুভূত হয় বাংলাদেশে। ধারণা করা হচ্ছে, আজকের ঘটনাটিও সেই সক্রিয় প্লেটের প্রভাব।



