আগামীর সময়

রাজসাক্ষী বানাতে ঘুষ? খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

রাজসাক্ষী বানাতে ঘুষ? খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি।

‘আমি এইখানে নতুন দায়িত্ব নিয়েছি। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে। সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে’, সাংবাদিকদের ব্যাখ্যা করছিলেন আমিনুল ইসলাম।

‘জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই-বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সকল সদস্যের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম।

উল্লেখ্য, প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের শেষ কর্মদিবস ছিল গত সোমবার। সেদিন ফেসবুকে সরব হন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন।

কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামে একজন আইনজীবীর রাজসাক্ষী সংক্রান্ত একটি স্ট্যাটাসে বিএম সুলতান মাহমুদ এমন অভিযোগ তুলেছিলেন।

    শেয়ার করুন: