সংসদে দাঁড়িয়ে রাস্তা চাইলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে নিজ আসনের দুটি ইউনিয়নের জন্য রাস্তা চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ রোববার (২৯ মার্চ) সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে ফ্লোর নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এ দাবি জানান ব্যারিস্টার রুমিন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের দুইটি ইউনিয়নের (পাকশিমুল-অরূয়াইল) গ্রামের রাস্তাগুলো এখনো পাকা হয়নি। এই রাস্তা দিয়ে গ্রামের ভেতরে যাওয়ার সুযোগ নেই। সেখানে যেতে হলে নৌকা ও মটরসাইকেলে যেতে হয়। এই গ্রামগুলোর রাস্তার উন্নয়নে পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চান ব্যারিস্টার রুমিন ফারহানা?
এমন প্রশ্নের প্রেক্ষিতে ব্যারিস্টার রুমিনকে আশ্বস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, এ বিষয়গুলো উল্লেখ করে মন্ত্রণালয়ে যদি চিঠি পাঠানো হয়; তাহলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের চেষ্টা করা হবে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা।
তার আগে রোববার বিকাল ৩টায় টানা ১৩ দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মুলতবি বৈঠকে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনা হয়।
গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন।

