বর্তমানে দেশে জ্বালানির সংকট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত উদ্ভূত যে কোনো পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বাইরের সোর্স থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নজর দিচ্ছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেছেন, ‘জ্বালানি যেন আমরা একাধিক উৎস থেকে সরবরাহ করতে পারি, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য যেসব উৎস থেকে আমরা জ্বালানি আনতে পারি, সে বিষয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হবো।’
মধ্যপ্রাচ্যে চলামান যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার।’

