ভারতের মেডিকেল ও বিজনেস ভিসা চালু হতে পারে আগামী সপ্তাহে

আগামীর সময় গ্রাফিক্স
ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে দেশটির মেডিকেল ও বিজনেস ভিসা কার্যক্রম চালু হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানালেন হুমায়ুন কবির।
তিনি বলেছেন, ‘দুই দেশের যদি সম্পর্ক ইতিবাচক করার মানসিকতা থাকে, তবেই দেখতে পাব অগ্রগতি। ওই দিক থেকে ইট ওয়াজ এ ফ্রুটফুল ভিজিট। ওখানে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে মিটিং হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে।’
‘বোথ মিটিং পজিটিভ। আশা করি, আগামী সপ্তাহগুলোতে ভালো কিছু হবে। মেডিকেল ভিসা আগে খুলে দেওয়ার গুরুত্ব ছিল আমাদের। তারা এ দাবি দেখেছেন ইতিবাচকভাবেই। মেডিকেল ও বিজনেস ভিসা চালু হবে,’ আশাবাদ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সচিবালয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তারা সম্প্রতি ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।



