দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালে এক বিএনপি নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থি নানা আচরণের কারণে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
তবে এ সংক্রান্ত কোনো কাগজ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত মেহেদী হাসান।

