বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

ছবি: আগামীর সময়
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সময় স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনেরও মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষণা করা বিএনপির বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হব।
সেলিমা রহমান জানান, এই সংসদে গণতন্ত্রকে সামনে রেখে জনগণের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। ১৭ বছর ধরে যারা কষ্টে দিন কাটিয়েছে, যারা না খেয়ে থেকেছেন, তাদের সবাইকে সমান সুযোগের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।
সেলিমা রহমানের ভাষ্য, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বাংলাদেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান। তাই আমরা যারা আজকে নির্বাচিত হয়ে সংসদে এসেছি, আমরা সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিএনপি জোট থেকে মনোনয়নে বৈধতা পাওয়া শিরিন সুলতানার মতে, নারীদের নিয়ে আমাদের সমাজে অনেক বড় কথা বলা হয়। কিন্তু নেওয়া হয় না কোনো পদক্ষেপ। দেশের নারীদের নিয়ে কাজ করতে চাই আমরা। পাশাপাশি সমাজে ছড়িয়ে পড়া মাদক নির্মূলেও কাজ করতে চাই।
বিএনপি জোটের আরেক নেত্রী রেহানা আক্তার রানুর ভাষ্য, আমরা সংসদে যাচ্ছি। আমাদের, বিশেষ করে আমার কাজ থাকবে আমাদের নেতার উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করা। আমাদের সংসদে যে বট বাহিনী আছে, তাদের বিরুদ্ধেও কাজ করতে চাই আমি।



