ফুটবল বিশ্বকাপের মাসে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত
সময়ের ব্যবধানটা ১৫ বছরের, এতদিনে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হয়নি। সেই অপেক্ষা কাটছে জুনে। ২০১১ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। একই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।
ফুটবল বিশ্বকাপের ডামাডোলের আড়ালে পড়বে এবারের অস্ট্রেলিয়া সফর। ৯, ১১ ও ১৪ জুন মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। ১৪ তারিখ তৃতীয় ওয়ানডের দিন মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে ব্রাজিল।
মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে জুনের ১৭, ১৯ ও ২১ তারিখ চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজ। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজের দিন তারিখ ঘোষণা করেছে।
শুক্রবার নতুন মৌসুমের জন্য নতুন সম্প্রচারস্বত্ব চুক্তি করেছে অস্ট্রেলিয়া। ওই চুক্তিতেই বাংলাদেশ সিরিজের টিভি রাইটস নিশ্চিত হয়। ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল অজিরা। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।
সেবার পাঁচ ম্যাচের সিরিজ দেশটির কোনো টেলিভিশনে সম্প্রচার হয়নি। এবার সেই বাধা থাকছে না। ২০১১ সালের পর প্রথমবার বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ দেখা যাবে অস্ট্রেলিয়ান টেলিভিশনে।
জুনে পাকিস্তান সফর আছে অজিদের। ওই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে তারা। বাংলাদেশে অজিদের এই সিরিজটি আইসিসি এফটিপির অংশ। আগামী আগস্টে ২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশের। দুই টেস্ট হবে ডারউইন ও ম্যাকেতে।



