ইংল্যান্ড টেস্ট দলের হবু ওপেনার এমিলিও গে?

ইংল্যান্ড টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করছেন এমিলিও গে।
ইংল্যান্ড টেস্ট দলের ওপেনিং পজিশন নিয়ে অনেকদিন ধরেই কাটাছেঁড়া চলছে। অধিনায়ক বেন স্টোকস আগেই কাউন্টি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছিলেন, পারফরম্যান্স দিয়ে যেন তারা নির্বাচকদের বাধ্য করেন দলে নিতে। স্টোকসের আহ্বানে সাড়া দিয়েই হয়তো কাউন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন ডারহামের তরুণ ওপেনার এমিলিও গে। এতে টেস্ট দলে জ্যাক ক্রলির জায়গা এখন হুমকির মুখে।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ডারহামের নাটকীয় জয়ে এমিলিও গের অপরাজিত ১৫৯ রানের ইনিংসটি ইংলিশ নির্বাচকদের জোরালো বার্তা দিয়েছে। তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ডারহামের হয়ে তিন নম্বরে ব্যাট করলেও এমিলিও গে মূলত একজন ওপেনার। ডারহামের বর্তমান লাইনআপে সাবেক ইংলিশ ওপেনার অ্যালেক্স লিস এবং উদীয়মান বেন ম্যাককিনি থাকায় তাকে তিন নম্বরে খেলতে হচ্ছে। তাছাড়া ইতালির হয়ে ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন এমিলিও।
গত বছর ‘ইংল্যান্ড লায়নস’-এর হয়ে অস্ট্রেলিয়া সফরে ওপেনিং করে দারুণ সফল হয়েছিলেন এমিলিও গে। লায়নসের প্রধান কোচ অ্যান্ড্রু ফ্লিনটফও তার খেলার বড় ভক্ত। ২০২৪ সালের শুরুর পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে এমিলিও গের গড় ৫০.৩৫! ওপেনার হিসেবে এই গড় আরও বেড়ে হয় ৫৩.২১! যেভাবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরছেন, তাতে জ্যাক ক্রলির জায়গার জন্য তিনি এখন প্রধান দাবিদার।
ইংল্যান্ডের বর্তমান ওপেনার বেন ডাকেট বা জ্যাক ক্রলির চেয়ে তার খেলার ধরন কিছুটা আলাদা। ক্রলি বা ডাকেট শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গে ইনিংসের শুরুতে কিছুটা রক্ষণাত্মক থাকেন। নতুন বলের বিপক্ষে তার রক্ষণাত্মক শটের নিয়ন্ত্রণ (ডিসমিসাল রেট ৭০) জ্যাক ক্রলির (৩৮) চেয়ে অনেক বেশি কার্যকর। পেসারদের বিপক্ষে অফ-সাইডে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে রান করতে গে বেশ পারদর্শী।
অবশ্য এমিলিও গে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে এখনো বড় মাপের সাফল্য পাননি। গত কাউন্টি মৌসুমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির বলে দুই ইনিংসেই আউট হয়েছিলেন। টেস্ট ক্যাপ আছে এমন বোলারদের বিপক্ষে মাত্র ২১.৩৭ গড় তার জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল নির্বাচনের আগে নিজের অবস্থানটা বেশ জোরালো করেছেন এমিলিও।




