এক দিনে বিসিবির চার পরিচালকের পদত্যাগ

শনিবার পদত্যাগ করেন বিসিবির ৪ পরিচালক। ছবি: সংগৃহীত
অস্থিতিশীল হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পদত্যাগ করছেন একের পর এক পরিচালক। গতকাল শনিবার (৪ এপ্রিল) দীর্ঘ বোর্ড সভার পর সরে দাঁড়ালেন ৪ জন পরিচালক। এর আগে পদত্যাগ করেছিলেন ৩ জন। সবমিলিয়ে গত ছয় মাসে সরে দাঁড়ালেন ৭ জন পরিচালক।
গতকাল সভা শেষে পদত্যাগপত্র জমা দেন ফাইয়াজুর রহমান। পরে তার সঙ্গী হন শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরি ও মঞ্জুর আলম। তবে কারও পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।
ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান। শানিয়ান ছিলেন ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। মেহরব ছিলেন সিকিউরিটি কমিটির আর মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন মঞ্জুর আলম।
এর আগে গত ২৪ জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, গত ২৩ মার্চ আমজাদ হোসেন আর গত বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। সরে দাঁড়ানোর কারণকে ব্যক্তিগত বলেছিলেন সবাই।
গতকাল শনিবার সবার আগে ফাইয়াজুর রহমান পদত্যাগ করার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান মোখছেদুল কামালকে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। জবাবে তিনি বলেছেন, ‘যেহেতু সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তাই এ নিয়ে বলার তেমন কিছু নেই।’



