প্রতিপক্ষকে ঘুসি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলকিপার

সংগৃহীত ছবি
প্রতিপক্ষের ফুটবলারকে ঘুসি মেরে পার পাওয়ার উপায় নেই, বরং পেতে হবে বড় শাস্তি— এটা নিজেও জানতেন রিয়াল সারাগোসার আর্জেন্টাইন কিপার এস্তেবান আন্দ্রাদা। কিন্তু আসল সময়ে মাথা ঠিক রাখতে পারলেন না। প্রতিপক্ষ হুয়েস্কার এক ফুটবলারকে ঘুসি মারার দায়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আন্দ্রাদা।
গত রবিবার স্পেনের দ্বিতীয় বিভাগের হুয়েস্কা-সারাগোসা ম্যাচের অন্তিম মুহূর্তে ঘটে এ ঘটনা। যোগ করা সময়ে সারাগোসা কিপার আন্দ্রাদা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। কিন্তু মাঠ ছাড়ার পরিবর্তে তিনি দৌড়ে গিয়ে হুয়েস্কার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুসি মারেন। সঙ্গে সঙ্গে পুরো মাঠে শুরু হয় বড় বিশৃঙ্খলা। ৩৫ বছর বয়সী আন্দ্রাদাকে নিয়ন্ত্রণে আনার পর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাহারায় তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।
নিজের ওই কাণ্ডের জন্য পরে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছিলেন আন্দ্রাদা। তবে এতে তিনি শাস্তি থেকে বাঁচতে পারেননি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ঘুসি মারার ঘটনায় ১২ ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে এই আর্জেন্টাইন কিপারকে। সঙ্গে লাল কার্ডের কারণে আরেকটি ম্যাচে মাঠে নামা হবে না তার।
হাতাহাতির সময় আন্দ্রাদাকে ঘুসি মারার জন্য মাঠ থেকে বহিষ্কৃত হওয়া হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেসকেও চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এদিকে প্রতিপক্ষের পায়ে লাথি মারার জন্য লাল কার্ড দেখা সারাগোসার দানি তাসেন্দে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।




