বিশ্বকাপে অনিশ্চিত আলিসন; আনচেলত্তির ভাবনায় দুই গোলকিপার

২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না আলিসন বেকারের। ছবি: সংগৃহীত
আসন্ন ফিফা বিশ্বকাপে গোলকিপার হিসেবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ নিঃসন্দেহে আলিসন বেকার। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের অতন্দ্র প্রহরী ছিলেন তিনি। কিন্তু লিভারপুলের এই তারকার শারীরিক অবস্থা এখন ব্রাজিল কোচিং স্টাফের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আলিসন আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যে কারণে বিকল্প খুঁজছেন আনচেলত্তি।
আগেই জানা গিয়েছিল যে, ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের জন্য আনচলেত্তি ইতোমধ্যেই ২৪ জনকে নিশ্চিত করে ফেলেছেন। সেই ২৪ জনের মধ্যে আছেন আলিসনও। কিন্তু এই তারকা গোলকিপার যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচগুলোতে চোটের কারণে খেলতে পারেননি। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন- সে বিষয়ে লিভারপুল কর্তৃপক্ষও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
‘ইএসপিএন ব্রাজিল’ জানিয়েছে, আনচেলত্তি ইতোমধ্যেই তার সহকারী কোচ ও স্কাউটদের নির্দেশ দিয়েছেন বিকল্প গোলরক্ষকদের দেখভাল করতে। আলিসনের বিকল্প হিসেবে বর্তমানে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। একজন করিন্থিয়ানসের এক নম্বর গোলরক্ষক হুগো সুজা, যাকে সবশেষ ফিফা উইন্ডোতে আলিসনের বদলি হিসেবে ডাকা হয়েছিল। অন্যজন বোতাফোগোর হয়ে কোপা লিবার্তাদোরেসজয়ী গোলকিপার তথা বর্তমানে নটিংহ্যাম ফরেস্টে খেলা জন।এই দুই গোলরক্ষকের সঙ্গেই নিবিড় যোগাযোগ রাখছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক ও বর্তমানে জাতীয় দলের গোলকিপিং কোচ তাফারেল। বিশেষ করে জনের ব্যাপারে তাফারেল নাকি বেশ আগ্রহী। নটিংহ্যাম ফরেস্টের হয়ে বাম হাঁটুতে চোট পাওয়ায় প্রীতি ম্যাচগুলোতে সুযোগ পাননি জন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই তার অনুশীলনে ফেরার কথা রয়েছে। প্রিমিয়ার লিগের শেষ ভাগে নিজের ফিটনেস প্রমাণ করতে পারলে আনচেলত্তির মন জেতা সহজ হবে তার জন্য।
বিশ্বকাপের জন্য আনচেলত্তির পছন্দের বাকি দুই গোলরক্ষক হিসেবে আল নাসরের বেন্তো এবং ফেনারবাচের এডারসনের টিকিট প্রায় নিশ্চিত। তাছাড়া হুগো সুজার কপাল খুলে যেতে পারে আলিসন বা জন সময়মতো সুস্থ না হলে, যদিও মৌসুমের শুরুতে করিন্থিয়ানসের হয়ে তার ফর্ম খুব একটা সুবিধার নয়। আগামী ১৮ মে, সোমবার রিও ডি জেনিরোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।



