পিএসজি-বায়ার্নের হোঁচট, আর্সেনালের দাপট

সেরা তারকাদের বেঞ্চে বসিয়ে ড্র করেছে পিএসজি। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের জন্য সেরা তারকাদের বেঞ্চে রেখেছিল পিএসজি আর বায়ার্ন মিউনিখ। নিজেদের লিগে হোঁচট খেয়েছে দুদলই।
ফ্রেঞ্চ লিগে লঁরিয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। আর বুন্দেসলিগায় হাইডেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। প্রিমিয়ার লিগে অবশ্য ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে আর্সেনাল।
৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে লঁস, তারা অবশ্য খেলেছে ৩০ ম্যাচ। বায়ার্ন মিউনিখ অনেক আগেই নিশ্চিত করেছে বুন্দেসলিগা। আগের রাউন্ডে মাইন্সের মাঠে ৩-০ গোলে পিছিয়েও ৪-৩ ব্যবধানে জিতেছিল তারা। শনিবারও শুরুতে ২ গোল হজম করে মাঠ ছাড়ে ৩-৩ ড্রতে।
প্রিমিয়ার লিগে ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে আর্সেনাল এগিয়ে গেল ৬ পয়েন্টে। সিটির চেয়ে অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছে গানাররা। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচে সিটির ৭০।
ভিক্টর ইয়োকেরেস করেন জোড়া গোল। অন্য গোলটি করেন বুকায়ো সাকার। নিজেদের বাকি ৩ ম্যাচকে তিনটি ফাইনাল মনে হচ্ছে আর্সেনাল ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলির, ‘আমাদের সামনে তিনটি ফাইনাল বাকি। দল হিসেবে অবশ্য প্রতিদিন চেষ্টা করি বর্তমানে থাকার। তিনটি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছি আলাদাভাবে।’




