সুলিভানদের হাত ধরে ২০৩৪ বিশ্বকাপের স্বপ্ন বাংলাদেশের

২০৩৪ ফুটবল বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ছবি: আগামীর সময়
২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। সেই লক্ষ্য থেকে যোজন যোজন দূরে রয়ে গেছে বাংলাদেশ। তবে রোনান সুলিভান, ডেকলান সুলিভান, মিঠু চৌধুরীরা সাফ অনুর্ধ্ব-২০ শিরোপা জয়ের পর ২০৩৪ বিশ্বকাপের স্বপ্ন দেখালেন দলটির কোচ মার্ক কক্স। তার সঙ্গে সুর মিলিয়েছেন বাফুফের কর্তারাও।
গতকাল শনিবার রাজধানীর হাতিরঝিলে সাফজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে কক্স বলেন,‘ সবাইকে আসসালামু আলাইকুম। আমার হৃদয় বাঙালি, বাংলাদেশ। প্রতিটি ছেলে সবটুকু দিয়ে বাংলাদেশের জন্য খেলেছে। ১৯৭১ সালের স্পিরিট, যেটা আপনাদের ইতিহাস সেটা দেখিয়েছে। আমরা আবারও করে দেখাব। আমাদের এখন ২০৩৪ সৌদি আরবের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে হবে। এখানকার এই ছেলেরাই করে দেখাবে, এএফসি এশিয়ান কাপ ও ২০৩৪ সালে সৌদি আরবে হতে যাওয়া বিশ্বকাপে।’
কোচের কথার সঙ্গে সুর মিলিয়ে বিশ্বকাপের কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও,‘ চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা অর্জন করেছি, সেটাকে শুধু একটা দিনের শ্রম হিসেবে আমরা দেখছি না। গতকাল (৩ এপ্রিল) দেখছি আমাদের যাত্রার একটা শুরু, যে যাত্রার কথা কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি ২০৩৬ (হবে ২০৩৪) সালে যে যাত্রায় আমরা পৌঁছাব।’
বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদিও বললেন একই কথা, ‘কোচ যেভাবে ২০৩৪ বিশ্বকাপের স্বপ্নের কথা বলেছেন, আমাদের সেভাবেই এগোতে হবে এবং পাইপলাইন তৈরির কাজ করতে হবে।’
নাসের শাহরিয়ার জাহেদি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ২৩ জন খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকা আর দলের অন্য সদস্যদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।



