ফ্রান্সে এক ম্যাচে ২৪ লাল কার্ড, ৩৬ লাল কার্ডের বিশ্বরেকর্ড আর্জেন্টিনায়

ফ্রান্সে এক ম্যাচে লাল কার্ড দেখেছেন ২৪ জন। ছবি: সংগৃহীত
ফ্রান্সের অপেশাদার ফুটবলে আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় বিভাগের লিগে ঘটল নজিরবিহীন ঘটনা। আভেনির দে গিয়ি ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের ম্যাচে রেফারি লাল কার্ড দেখালেন ২৪ জনকে! দাঙ্গা থামাতে মাঠে নামতে ফরাসি আধা সামরিক পুলিশ ‘জেনদামারি’কে।
ফরাসি সংবাদপত্র আউস্ট ফ্রান্সের প্রতিবেদন অনুযায়ী, ৩১ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচে খেলেছিলেন ২৭ ফুটবলার। লাল কার্ড দেখা ২৪ ফুটবলারের ১৩ ফুটবলার আভেনির দে গিয়ি আর মোরনের ছিলেন ১১ ফুটবলার।
২-২ গোলে ড্র হওয়ার পর রেফারি শেষ বাঁশি বাজালে তখন থেকেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। গ্যালারিতে থাকা দুদলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি দ্রুতই ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যে।
মোরোনের এক খেলোয়াড়ের বাবা তার ছেলেকে বাঁচাতে মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজনার এক পর্যায়ে লাঠি ব্যবহার করতেও দেখা গেছে! পরিস্থিতি সামলাতে রেফারি ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান।
আঞ্চলিক ডিসিপ্লিনারি কমিটি জরুরি বৈঠক ডেকেছে এ নিয়ে। দুই ক্লাবের ওপরই আসতে পারে কঠোর নিষেধাজ্ঞা ও বড় অঙ্কের জরিমানা।
গত ৮ মার্চ ব্রাজিলে মিনেইরো চ্যাম্পিয়নশিপ ক্রুজেইরো ও আতলেতিকো মাদ্রিদ ফাইনালে ২৩ জনকে লাল কার্ড দেখান রেফারি। ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার বিশ্ব রেকর্ড অবশ্য ফ্রান্স বা ব্রাজিলে ঘটেনি।
২০১১ সালে ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগে আতলেতিকো ক্লেপোল ও ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ৩৬ জন! দুই দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ৩৬ জনকে লাল কার্ড দেখান রেফারি। সিনিয়র পর্যায়ে ফুটবলে এক ম্যাচে এটাই সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ড।
ভিক্টোরিয়ানোর খেলোয়াড় রদ্রিগো সানচেজ আতলেতিকোর জোনাথন লেদেসমার ওপর চড়াও হলে শুরু হয় সংঘাত। । দুই দলের মূল একাদশ, বদলি খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও মারামারিতে জড়িয়ে পড়েন। রেফারি দামিয়ান রুবিনো ঘটনাটিকে ‘সাধারণ মারামারি’ হিসেবে ঘোষণা করে কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে ৩৬ জনকে লাল কার্ড দেখান।



