বয়কটের শঙ্কাতেও বিশ্বকাপ প্রস্তুতি শুরু ইরানের

তেহরানে শুরু হয়েছে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি। ছবি: সংগৃহীত
টুর্নামেন্টের বাকি আর ৫০ দিন। বাকি ৪৭ দল যেখানে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ইরান সেখানে টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে দোলাচলে। তবে বয়কটের জোর শঙ্কাতেও অনুশীলনে নেমেছেন ইরানি ফুটবলাররা।
এশিয়া অঞ্চল থেকে বাছাই পর্ব পেরিয়ে ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপের টিকিট কেটেছিল ইরান। এরপর বাগড়া বাধে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের যুদ্ধে। মধ্যপ্রাচ্যে দুই মাস ধরে চলা সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বকাপে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলে দিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের উচিত হবে বিশ্বকাপ বয়কট করা। ইরানের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, তারাও যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিলেই কেবল বিশ্বকাপে যাবে ইরান।
ফিফা অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে সূচি বদলানো সম্ভব নয়। ইরানের বিশ্বকাপ খেলা তাই অনিশ্চিত।
এই অনিশ্চয়তা মাথায় নিয়েই শুরু হয়েছে ইরান জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি। তেহরানে শুরু হয়েছে দেশটির ফুটবলারদের ক্যাম্প। ক্লাব ফুটবল থেকে বাছাই করা ৩০ ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে। এই ক্যাম্প দুই সপ্তাহ চলবে বলে জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।
আগামী ১২ মে ইরান জাতীয় দলের তুরস্কে যাওয়ার কথা রয়েছে। এরপর বিদেশি লিগে খেলা ফুটবলাররা দলের সঙ্গে যোগ দেবেন। সেখানেই বিশ্বকাপের আগপর্যন্ত থাকবে ইরান। সব মিলিয়ে পাঁচটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের।
সব প্রস্তুতি ভেস্তে যেতে পারে, যদি শেষপর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় ইরান। পুরো ফুটবল বিশ্ব তাই তাকিয়ে আছে ইরানের দিকে।



