দুঃস্বপ্নের সপ্তাহে আবারও হোঁচট রিয়ালের

জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ প্রায় হাতছাড়া হয়েছে রিয়ালের। ছবি: সংগৃহীত
ভুলে যাওয়ার মত একটা সপ্তাহ কাটাল রিয়াল মাদ্রিদ। ৪ এপ্রিল লা লিগায় মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারে তারা। সেই ক্ষত না শুকাতেই শুক্রবার বার্নাব্যুতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করল রিয়াল।
ফল
রিয়াল ১ : ১ জিরোনা
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে।
ম্যাচ শেষে তাই রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে গেল কিনা। তার জবাব,‘ যেদিন আমরা গাণিতিকভাবে হেরে যাব, সেদিনই কেবল হার মেনে নেব। যতক্ষণ এটা না হচ্ছে, আমরা প্রতি ম্যাচেই সবটুকু দিয়ে লড়তে চাই। এটা রিয়াল মাদ্রিদ। শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
৬১ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য রিয়াল শট নেয় ২২টি, এর ৯টি ছিল লক্ষ্যে। জিরোনার ১০ শটের ২টি ছিল লক্ষ্যে।
৫১তম মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফেদেরিকো ভালভের্দে। ব্রাহিম দিয়াসের পাস ধরে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের তারকা। গোলরক্ষক গাসানিগার হাতে লেগে জালে জড়ায় বল।
৬২তম মিনিটে জিরোনাকে সমতায় ফেরান তমাস লেমা। বক্সের বাইরে থেকে তার বা পায়ের জোরাল শট ঠেকানোর সুযোগ পাননি লুনিন। এ নিয়ে লা লিগায় টানা আট ম্যাচে অন্তত একটি গোল হজম করল রিয়াল। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম লিগে টানা আট ম্যাচে গোল খেল তারা।
ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির জোরাল আবেদন করেছিল রিয়াল। রেফারি তাতে সাড়া না দেওয়ায় কোচ আরবেলোয়ার ক্ষোভ,‘এটা আমার মতে পেনাল্টি, চাঁদ থেকেও দেখা যাচ্ছিল এটা ফাউল। ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন তাদের সুবিধা হয়, আর যখন হয় না, তখন করে না।’



