মোহামেডান বাধা উতরে গেল বসুন্ধরা

সংগৃহীত ছবি
মোজাফফরভের অসাধারণ গোলে ম্যাচের শুরুতে লিড নিয়ে বসুন্ধরা কিংস শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিল মোহামেডান। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে শেষ পর্যন্ত সেই ভয় জয় করেছে কিংস। দুই অর্ধে ফয়সাল আহমেদ ফাহিম ও দোরিয়েলতন গোমেজের গোলে তারা পেয়েছে ২-১ গোলের জয়।
গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে দুইয়ে থাকা আবাহনী লিমিটেডের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে গেছে পাঁচ বারের লিগ শিরোপাজয়ীরা। শেষ তিন রাউন্ডের আগে যা শীর্ষে থাকা কিংসের জন্য বড় স্বস্তির। লিগের প্রথম পর্বের দেখায় দুই দলের ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে।
১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট বসুন্ধরার।
এক ম্যাচ কম খেলা আবাহনীর সংগ্রহ ২৮। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে টানা
দুই জয়ের পর হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
এদিকে রাজশাহীতে মুখোমুখি হয় রেলিগেশন অঞ্চেলে থাকা ব্রাদার্স ও আরামবাগ। ম্যাচটা শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা ব্রাদার্স বিরতির পর দুই গোল ফিরিয়ে এক পয়েন্ট নিশ্চিত করে। ১৫ ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ সমান ১৪ করে। গোল গড়ে এগিয়ে ব্রাদার্স আছে সাতে, আরামবাগ আটে।




