অবশেষে ভিয়েতনামে হামজা

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। ছবি: বাফুফে
হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা। বাংলাদেশের হয়ে ৭ ম্যাচে ৪ গোল আর ১ অ্যাসিস্ট করেছেন তিনি। লাল-সবুজের অপরিহার্য অংশ হলেও ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এতদিন।
অবশেষে আজ বিকেলে হ্যানয় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। তার ভিয়েতনামে পৌঁছানোর কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঈদের দিনই পৌঁছেছিল হ্যানয়ে। ২২ মার্চ ইংল্যান্ড থেকে হামজার ভিয়েতনাম পৌঁছানোর কথা বলেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন দু’দিন পর হামজার যোগ দেওয়ার কথা। তবে হামজার ক্লাব লেস্টার সিটি তাকে ছাড়েনি। আন্তর্জাতিক বিরতিতে ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্তই লেস্টার ছেড়েছে তাকে।
এজন্য ২৩ মার্চ ইংল্যান্ড থেকে রওনা দেন হামজা।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন তিনি। তাই ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তেমন অনুশীলনের সুযোগ পাচ্ছেন না হামজা। দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাচ্ছেন কেবল একদিনই।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশ তিন নম্বরে আছে ৫ পয়েন্ট নিয়ে।

