বললেন অঁরি
রিয়াল ভেবেছিল ওরাই রাজা

কামাভিঙ্গার লালকার্ডের পর আর প্রতিরোধ গড়তে পারেনি রিয়াল। ছবি: সংগৃহীত
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করাটা রিয়াল মাদ্রিদের ডিএনএতেই আছে। কখনও হাল না ছেড়ে বারবার ফিরে আসায় তাদের নামই হয়ে গেছে ‘প্রত্যাবর্তনের রাজা’। বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিরতির আগে এগিয়ে গিয়েছিল ৩-২ গোলে। এটাই কী আত্মতৃপ্তি দিয়েছিল রিয়ালকে?
ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরির মনে হচ্ছে সেটাই। ম্যাচ শেষে তিনি বলেছেন,‘কী দারুণ একটা ম্যাচ! বিরতির আগে গুলের আর এমবাপ্পের দ্যুতিতে মাদ্রিদকে তাদের পুরোপুরি গুঁড়িয়ে দিতে দেখা গেল। ঘরে বসে থাকা সবাই ভাবছিল যে প্রত্যাবর্তনটা এর মধ্যেই হয়ে গেছে। বিরতির পর নেমে বায়ার্ন মাঠটাকে একটা ওয়াশিং মেশিনে পরিণত করল। তারা রিয়াল মাদ্রিদকে পুরোপুরি দমবন্ধ করে দিয়েছিল। অতিরিক্ত সময়ে মাইকেল ওলিসের সেই গোলটা ম্যাচকে চূড়ান্তভাবে শেষ করে দেয়? মাদ্রিদ ভেবেছিল যে তারাই প্রত্যাবর্তনের অবিসংবাদিত রাজা, কিন্তু এবার বায়ার্ন তাদের নিজেদের ওষুধই নির্মমভাবে খাইয়ে দিয়েছে।’
কামাভিঙ্গার লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ রিয়াল সমর্থকরা। অঁরি এজন্য দায় দিলেন কামাভিঙ্গাকেই,‘রিয়াল মাদ্রিদের সমর্থকরা রেফারিকে নিয়ে কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেবে। তারা বলবে যে কামাভিঙ্গার দ্বিতীয় হলুদ কার্ডটি একটি লজ্জাজনক ঘটনা ছিল। কিন্তু আপনাদের বুঝতে হবে- যখন আপনি আলিয়াঞ্জ অ্যারেনায় প্রতিপক্ষের মাঠে খেলছেন, তখন রেফারিকে সিদ্ধান্ত নেওয়ার মতো একটিও কারণ আপনি দেবেন না। আপনাকে স্মার্ট হতে হবে।’
রিয়াল কোচ আলভারো আরবেলোয়া মানতে পারছেন না ৮৬ মিনিটে কামাভিঙ্গার লাল কার্ডটা। তার মতে এরপরই খেলার ছবিটা বদলে গেছে,‘ আমার মতে, এটা ম্যাচের ফল নির্ধারিত করে দিয়েছে। এমন ফাউলে একজন খেলোয়াড়কে আপনি লাল কার্ড দেখাতে পারেন না। রেফারি হয়তো জানতেন না যে কামাভিঙ্গার আগেই একটা হলুদ কার্ড আছে।'



