ফেডারেশন কাপ
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে কিংস

৪-০ গোলের দাপুটে জয়ে ফেডারেশন কাপের ফাইনালে কিংস। ছবি: বাফুফে
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারও তারা ফাইনালে নাম লেখাল দাপটে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ব্রাদার্সের ফাইনালের সুযোগ শেষ হয়নি এখনো। আগামী মঙ্গলবার কুমিল্লায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা।
কিংসের হয়ে আজ জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজ। একটি করে গোল রাকিব হোসেন ও সাব্বির হোসেনের। বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল কিংস। পিছিয়ে পড়ে ব্রাদার্স আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। উল্টো ৭১ থেকে ৮৮ মিনিটে আরও তিন গোল আদায় করে নেয় কিংস।
তৃতীয় মিনিটে বৃষ্টিভেজা মাঠে সাদ উদ্দিনের ক্রসে কোনাকুনি শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রাকিব। ২৮ মিনিটে দোরিয়েলতনের বাইসাইকেল কিক জালে জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
৪২ মিনিটে দোরিয়েলতন গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। তবে ৭১ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি দোরিয়েলতন। সাদ উদ্দিনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর দুই মিনিট পর শাহরিয়ার ইমনের পাসে কিংসকে ৩-০ তে এগিয়ে দেন দোরিয়েলতন। ফেডারেশন কাপে এটা তার নবম গোল।
৮৮ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক মারেন বদলি নামা সাব্বির হোসেন।




