রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলো মোহামেডান

বড় জয় পেল মোহামেডান। ছবি: সংগৃহীত
ফেডারেশন কাপের ফাইনাল থেকে এক জয় দূরে মোহামেডান। মঙ্গলবার, ৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাদা-কালোরা রহমতগঞ্জকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। জোড়া গোলে মোহাম্মদ জুয়েল রানা রাখেন বড় ভূমিকা। সৌরভ দেওয়ান করেন অপর গোলটি। রহমতগঞ্জকে বিদায় করার পর এখন মোহামেডানকে লড়তে হবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে, যারা প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের কাছে হেরেছে বড় ব্যবধানে।
ফল
মোহামেডান ৩-০
রহমতগঞ্জ
ম্যাচের ২৮ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে মোহামেডানকে এগিয়ে নেন জুয়েল। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। ডান দিক থেকে আরিফের লো ক্রস রহমতগঞ্জ কিপার ও দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চলে আসে জুয়েলের কাছে। ঠান্ডা মাথায় বল পৌঁছে দেন জালে।
৭৬ মিনিটে মোজাফফরভের ফ্রি-কিক রহমতগঞ্জ কিপারের গ্লাভস ফসকালে সৌরভ সুযোগটা কাজে লাগিয়ে ৩-০ করেন।
১২ মে প্রথম কোয়ালিফায়ারে হারা ব্রাদার্সের মোকাবেলা করবে মোহামেডান। এই ম্যাচের বিজয়ী ১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংসের সঙ্গে খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচ।



