নেইমারের হাতে হামজাদের জার্সি
স্বপ্ন পূরণের গল্প বললেন প্রবাসী শাহনুর

বাংলাদেশের জার্সি নেইমআরের হাতে তুলে দিচ্ছেন শাহনুর রুমেন। ছবি: সংগৃহীত
ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি কি নেইমার জুনিয়রকে রাখবেন আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে? ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন। যার উত্তর কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে। নেইমার নিজেও উৎকণ্ঠায় নিয়ে আছেন অপেক্ষায়। সান্তোস তারকাকে নিয়ে এই উৎকণ্ঠার মাঝেই বাংলাদেশি এক প্রবাসী ঘটিয়ে ফেললেন এক অবিস্মরণীয় ঘটনা।
ফ্রিলান্সার ফটোগ্রাফার হিসেবে ব্রাজিলের ফুটবল অনুসরণ করেন। শুক্রবার সাও পাওলোতে সান্তোসের অনুশীলনে উপস্থিত হয়ে যান ক্যামেরা হাতে, সঙ্গে নেন বাংলাদেশ দলের জার্সি। অনুমতি মিললে নেইমারের হাতে দেশের জার্সি তুলে দেওয়াই মূল উদ্দেশ্য।
সুবর্ণ সুযোগটা পেয়ে যান সান্তোস ক্লাব সভাপতি ও প্রধান নির্বাহীর সহায়তায়। এক মিনিট সময় পেয়েই ব্রাজিল তারকাকে হামজা চৌধুরীদের জার্সি উপহার দেন, পৌঁছে দেন লাখো বাংলাদেশির ভালোবাসার বার্তা। শুনে বাংলাদেশের ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান নেইমার।
তাকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনার গল্পটা অনেক আগে থেকেই জানেন নেইমার। সেটা আরেক প্রবাসী রবিন মিয়ার মাধ্যমে। নেইমার জুনিয়রের সঙ্গে রবিনের ঘনিষ্ঠতার কথা সবারই জানা। এই সম্পর্কই রবিনকে দিয়েছে পরিচিতি। তবে প্রথম নেইমারের সাক্ষাৎ পাওয়াটা শাহনুরের জন্য ভীষণ গর্বের।
ব্যবসায়ী হলেও ফটোগ্রাফির প্রতি শাহনুরের ঝোঁক অনেক দিনের। ফুটবল ভালোবাসেন, তাই ফুটবলকেই ফটোগ্রাফির মূল লক্ষ্য করে নিয়েছেন। ফটোগ্রাফার পরিচয়ে নানা সময় পৌঁছে গেছেন ব্রাজিলের অনেক নামি তারকার কাছে। গত মাসেই বাংলাদেশ দলের জার্সি তুলে দিয়েছেন ব্রাজিল দলের অন্যতম গোলকিপার হুগো সৌজার হাতে।
তারপরও তৃষ্ণা মিটছিল না। এ সময়ের মহাতারকা নেইমার যে তার মূল লক্ষ্য। অবশেষে মিললো সুযোগটা। আগামীর সময়কে সে অভিজ্ঞতা জানালেন এভাবে, 'সপ্তাহের একটি দিন সান্তোস তাদের অনুশীলন উন্মুক্ত রাখে মিডিয়ার জন্য। আমি স্বাধীন ফটোগ্রাফার হিসেবে কাজ করি। প্রথমে অনুশীলন কভার করার অনুমতি জুটিয়ে ফেলি। এরপর ক্লাব সভাপতি ও সিউও-কে জানাই নিজের ইচ্ছের কথা। তারা আলাদা করে আমাকে নেইমারের সঙ্গে দেখা করার অনুমতি দেন। নেইমারের হাতে জার্সি তুলে দেওয়ার সময় বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা বলি। তিনি শুনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।'
বাংলাদেশের জার্সি হাতে নিয়ে শাহনুরের সঙ্গে ছবিও তোলেন নেইমার জুনিয়র। যে ছবি ও ভিডিও ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। ব্রাজিলে শত শত প্রবাসী শাহনুরের পোস্ট শেয়ার করেছেন। যাদের মধ্যে আছেন নেইমারের 'কাছের মানুষ' রবিন মিয়াও।



