আগামীর সময়

তুরস্কে ভূমিকম্প, মধ্যরাতে রাস্তায় হাজারো মানুষ

তুরস্কে ভূমিকম্প, মধ্যরাতে রাস্তায় হাজারো মানুষ

প্রতীকী ছবি

তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি পরিষেবার বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল নিকশার শহরে, যা তোকাত অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬.৪ কিলোমিটার। স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আশপাশের কয়েকটি প্রদেশেও কম্পন টের পাওয়া গেছে।

তুর্কি সংবাদমাধ্যম হাবারতুর্ক জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দাকে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও গাড়িতে বা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। তারা ভয়ে বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না।

তুরস্ক একাধিক সক্রিয় ভূমিকম্প প্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে।

    শেয়ার করুন: