হায়রে আমার ইলিশ!

গ্রাফিকস: আগামীর সময়
ইলিশ খাবেন, ইলিশ। সরষে ইলিশ, ইলিশ পাতুড়ি কিংবা ভাজা ইলিশ। ঝোল দিয়ে খাওয়া যায়। আলু, বেগুন কত কিছু দিয়েই না রান্না হয় স্বাদের ইলিশ।
অসাধারণ স্বাদের মাছ ইলিশ খাওয়ার ইচ্ছা এখন কল্পনার সমান। কেন বলেন তো? বাজারে গিয়ে চকচকে রুপালি ইলিশের আকৃতি, রঙ, তাজা চোখ দেখে আপনি আনন্দে আত্মহারা। ঠিক পরক্ষণেই আবার হতাশ ও বিমর্ষ হয়ে পড়েন। কারণ দাম। যখন শোনেন দেড় কেজি ওজনের একটি ইলিশের দাম ৬ হাজার টাকার বেশি। ভাবা যায়! এই মাছ বাংলাদেশের নিজের মাছ বলে স্বীকৃত পৃথিবী জুড়ে।
চট্টগ্রামের অভিজাত বাজার হিসেবে পরিচিত কাজীর দেউড়িতে ইলিয়াসের দোকানে আনা হয় ১ কেজি ৫৬০ গ্রামের নতুন মৌসুমের তরতাজা ইলিশ। সেটি দোকানের ওপর না রেখে ভেতরের বাক্সে লুকিয়ে রেখেছেন দোকানি। কাস্টমার বুঝেই মাছ দেখান। যারা ভোজনরসিক, দামটাম যাদের কাছে কোনো বিষয় নয়, তাদেরই মাছ দেখিয়ে দাম হাঁকান ইলিয়াস।
নতুন মৌসুমের মাছ স্বাদে অতুলনীয় হবে এই গ্যারান্টিও দেন ইলিয়াস। সেটিও আবার অদ্ভুত রকমের কৌশল। মাছের কান তুলে ঘ্রাণ নিজে দেখেন, ক্রেতাকে শুকান। আসলেই একেবারে অরিজিনাল ইলিশের তরতাজা ঘ্রাণ লাগছে নাকে।
ইলিয়াস বললেন, ‘এই সিজনের নতুন মাছ, হালকা ডিম হবে, ঘাড় অনেক মোটা, খেতে মজা হবে। কেজি ৪ হাজার টাকা দরে কেনা, ১০০ টাকা লাভ দেবেন কেজিতে।’
বিক্রেতার কাছ থেকে স্বাদের গ্যারান্টি পেয়ে এক ক্রেতা আশ্বস্ত হলেন। মাছটি কিনে নিলেন। অনেক চেষ্টা করেও ক্রেতার নাম-পরিচয় জানা গেল না। নাম জিজ্ঞাসা করতেই একগাল হেসে চলে গেলেন ক্রেতা।
হায়রে আমার রুপালি ইলিশ!



