রাউজানে ‘র্যাবের সোর্সকে’ গুলি করে হত্যা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। তিনি র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন বলে তথ্য পুলিশের। স্থানীয়ভাবে পরিচিত বিএনপির কর্মী হিসেবে।
শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় ঘটে গুলির ঘটনাটি। নিহত মো. কাউসারুজ্জামান বাবলুর (৩৫) বাড়ি ওই এলাকায়।
পুলিশের বক্তব্য, রাত সাড়ে ৩টার দিকে বাসা থেকে সামান্য দূরে কয়েকজন অস্ত্রধারীর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরিবারের সদস্যরা ভোরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
পরিবারের বরাতে এসআই বলেছেন, ‘ভোররাতে বেরিয়ে বাবলু মাছ ধরতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা আগে থেকেই তাকে হত্যার জন্য ওত পেতে ছিল।’
প্রাথমিক তদন্তে র্যাবের সোর্স হওয়ায় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের। ‘বাবলু র্যাবসহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। এ নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর তথ্য। তবে আমরা বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখছি।’
স্থানীয়ভাবে বাবলু বিএনপির কর্মী হিসেবে পরিচিত হলেও এ হত্যাকাণ্ডে রাজনৈতিক বিরোধের কোনো তথ্য মেলেনি বলেও জানালেন ওসি।



