চট্টগ্রাম
চালের কেজি বেড়েছে ৫-৭ টাকা

ছবিঃ আগামীর সময়
জ্বালানি সংকটের প্রভাবে পাইকারি থেকে খুচরা পর্যায়ে চালের দাম বস্তা (৫০ কেজি) প্রতি বেড়েছে ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। ১৫ দিন আগে মিনিকেট চালের দাম ২৯০০ টাকা থাকলেও সেই বস্তা এখন ছাড়িয়েছে ৩২৫০ টাকা। অর্থাৎ চালের মান ভেদে প্রতি কেজিতে দাম দেড়েছে ৫ থেকে ৭ টাকা।
আজ সোমবার চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি চালের আড়তে ঘুরে দেখা যায়, প্রতি বস্তা বেতি আতপ চালে ৫০ টাকা বেড়ে ২ হাজার ৮৫০ টাকা, পাইজাম আতপ চালে ১০০ টাকা বেড়ে ৩ হাজার ১০০ টাকা, স্বর্ণা চালে ২০০ টাকা বেড়ে ২ হাজার ৬০০ টাকা, নুরজাহান ব্রান্ডের চাল ২৫০ টাকা বেড়ে ৩ হাজার টাকা, জিরাশাইলে ৩৫০ টাকা বেড়ে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
পাশাপাশি সেদ্ধ চাল ৩ হাজার টাকা, মিনিকেট সেদ্ধ চাল ৩১০০ টাকা ও মিনিকেট আতপ চাল ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে এসব চালের বস্তায় ২৫০ থেকে ৩০০ টাকা কম ছিল।
জ্বালানি সংকটের কারণে গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় চালের দাম বাড়িয়েছে পাইকারি ব্যবসায়ীরা। এর ফলে খুচরা পর্যায়েও পড়েছে এর প্রভাব।
আড়তদার রাজীব হোসাইন জানান, আগে দিনাজপুর থেকে একটি ট্রাক পাহাড়তলী বাজারে আসতে খরচ পড়ত ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকা আর এখন পড়ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা।
নগরীর অন্যতম এই পাইকারি বাজারের ব্যবসায়ী মদিনা ট্রেডার্সের মোহাম্মদ রোহান জানান, চালের গাড়ির খরচ বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। কিন্তু খুচরা পর্যায়ে কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৩ টাকা। বাজারে চালের প্রচুর যোগান রয়েছ। চালের দাম আর বেশি বাড়ার সুযোগ নেই।
পাহাড়তলী চালের আড়ত থেকে নিয়মিত চাল কেনেন আসমা বেগম। দাম বাড়ার বাস্তব অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ‘গত মাসে নূরজাহান স্বর্ণা চাল নিয়েছিলাম ৫০ কেজির বস্তা ২৮০০ টাকা দিয়ে আর আজ বাজারে এসে দেখি দাম বেড়ে ৩২০০ টাকা হয়ে গেছে।’



