মেঘ থাকবে রোদ উঠবে বৃষ্টি হবে

ছবি: আগামীর সময়
আকাশ মেঘলা। মাঝেমধ্যে উঁকি দিচ্ছে সূর্য। মেঘ ও রোদের এই লুকোচুরি শনিবার সকাল থেকেই। ভোরের বৃষ্টির আবেশ রয়ে গেছে বয়ে চলা মৃদুমন্দ বাতাসে। শীতল একটা পরশ নিয়ে দুপুরের দিকে যাত্রা।
এই কদিন বৃষ্টির দাপট ছিল। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়। মাঝখানে মঙ্গল ও বুধবার চট্টগ্রামে দেখা দিয়েছিল জলাবদ্ধতা। সর্বশেষ বৃষ্টি হয়েছে আজ ভোর পাঁচটায় মুষলধারে। দিনের তাপমাত্রা কমেছে।
আজ চট্টগ্রামে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। সর্বোচ্চ তামপাত্রা পাওয়া যাবে বিকেলে।
মেঘ থাকবে, রোদ উঠবে, বৃষ্টি হবে এরকম একটা মিষ্টি আবহাওয়ার পূর্বাভাস। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ ইসমাইল ভূঁইয়ার এমন আভাস, ‘বৃষ্টি আপাতত কমেছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা আজ তুলে নেওয়া হয়। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহখানেক এমন থাকতে পারে।’
সপ্তাহখানেক আগের তপ্তদিনে শীতলতার পরশ বুলিয়েছে টানা বৃষ্টি। আগামী কয়েকদিনও এমন মেঘ, বৃষ্টি আর রোদের লুকোচুরিতে আবহাওয়া অসহনীয় হবে না এমন আশা।



