‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে ছাত্রলীগের বৈঠক, আটক ১৪

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোগো
চট্টগ্রাম নগরীতে এক বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিজেদের আসল রাজনৈতিক পরিচয় আড়াল করে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে তারা সাংগঠনিক বৈঠক করছিলেন, ভাষ্য ডিবির।
আজ রবিবার রাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।
আটক ১৪ জনের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক শহীদুল ইসলামও আছে বলে ডিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
অভিযানের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমানের বক্তব্য, ‘সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতারা তায়েফ রেস্টুরেন্টের চতুর্থ তলায় হলরুমে জড়ো হতে শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ৮টার দিকে অভিযান শুরু করি। ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযান এখনও চলছে।’
দেশে-বিদেশে পলাতক নেতারা অনলাইনে ওই বৈঠকে যুক্ত হবেন, এমন তথ্য পেয়েছিলেন বলে জানালেন এ গোয়েন্দা কর্মকর্তা, ‘নিষিদ্ধ সংগঠন হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে সম্প্রতি শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে সংগঠনটি গড়ে তোলেন। এভাবে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। পলাতক কিছু লোকজন অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি দিকনির্দেশনা দেবে, এমন তথ্যও আমাদের কাছে ছিল।’
অভিযান শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান উপকমিশনার হাবিবুর রহমান।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।



