পাঁচ ব্যাংক শাখায় তালা, আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। ‘হেয়ার কাট’ বাতিল, জমাকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন করেছেন তারা।
একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট জমা রয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
সকাল ১০টার দিকে আগ্রাবাদ এক্সেস সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বিভিন্ন ব্যাংক শাখার সামনে গিয়ে থামে। একপর্যায়ে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে দেন আমানতকারীরা।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি শাখার সামনে বিক্ষোভ চলাকালে তালা দেওয়া হয়। এতে ভেতরে আটকা পড়েন কয়েকজন কর্মকর্তা।
আন্দোলনকারীদের দাবি, হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিল করে তাদের জমাকৃত অর্থ সম্পূর্ণ ফেরতের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি স্বাভাবিক করতে হবে লেনদেন, তুলে নিতে হবে উত্তোলনের সীমা এবং বন্ধ করতে হবে গ্রাহক হয়রানি।
আমানতকারী সামিনা আক্তার বলছেন, ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে টাকা জমা রেখেছিলেন ব্যাংকে। কিন্তু প্রয়োজনের সময় সেই অর্থ তুলতে না পেরে পড়েছেন ভোগান্তিতে। সামনে কোরবানির ঈদ থাকায় বেড়েছে দুশ্চিন্তা।
আরেক আমানতকারী রিজওয়ান জানিয়েছেন, ব্যাংকের ওপর আস্থা রেখেই জমা রেখেছিলেন টাকা। এখন ভেঙে গেছে সেই আস্থা। নিজের অর্থ তুলতে না পারায় পড়েছেন বড় দুর্ভোগে।
জসিম উদ্দিনের ভাষ্য, ব্যবসায় মন্দার মধ্যেই হিমশিম খাচ্ছেন সন্তানদের পড়াশোনার খরচ চালাতে। এদিকে ব্যাংকে রাখা অর্থ তুলতে না পেরে পড়েছেন বিপাকে।
এর আগে রোববার একই দাবিতে খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকসহ কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন আমানতকারীরা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন খান জানাচ্ছিলেন, ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি একীভূত প্রক্রিয়াধীন ব্যাংকগুলোর আমানতে ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। পরে সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যক্তিগত ও মেয়াদি আমানতে ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়।



