গ্রেপ্তার ৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের একাধিক মিছিল

চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পৃথক তিনটি মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরের জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেট ও টাইগারপাস দ্বিতল সড়কে এই মিছিলগুলো হয় বলে ছাত্রলীগের দাবি। টাইগারপাস এলাকার মিছিল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাইগারপাসে জুমার নামাজের সময় মিছিলটি হয়। এই মিছিলে প্রায় শতাধিক তরুণ-যুবককে দেখা যায়। পলোগ্রাউন্ড মাঠের প্রধান ফটকের সামনে থেকে দ্বিতল সড়ক হয়ে টাইগারপাস মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।
নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি টাইগারপাসের বিক্ষোভসহ তিনটি মিছিলের ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। এ ছাড়া আরও অনেকের ওয়ালে মিছিলের ভিডিও রয়েছে।
সকাল ৮টার দিকে ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে নগরের জিইসি মোড়ে একটি মিছিল বের হয়। জিইসি মোড়ের ও আর নিজাম রোড সড়কের গলি হয়ে ২০ থেকে ৩০ জনের মিছিলটি গোল পাহাড়ের মোড়ের দিকে চলে যায়।
মিছিলটির ব্যানারে সাবেক প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক শিক্ষমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের ছবি রয়েছে। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহরের দাবিতে এই মিছিল হয়।
শুক্রবার জুমার নামাজের পর অপর একটি মিছিল বের হয় দুই নম্বর গেট মেয়র গলি সংলগ্ন এলাকায়। ওই মিছিলে ৫০ জনের মতো নেতাকর্মী অংশগ্রহণ করেন। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আগামীর সময়কে জানান, জুমার নামাজের সময় তারা টাইগারপাস এলাকায় এই মিছিল করেছে। সেখানে কর্তব্যরত পুলিশ আটক করে ছয়জনকে।
দুই নম্বর গেট ও জিইসি এলাকার মিছিলের বিষয়ে খুলশী থানা এবং চকবাজার থানার দুই ওসিকে ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি পারভেজ তালুকদারের নেতৃত্বে হাটহাজারী উপজেলায় হারিকেন মিছিল হয়েছে।




