চট্টগ্রামে রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর

ছবি: আগামীর সময়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার গণপরিবহনের নতুন ভাড়ার হার ঘোষণা করলেও চট্টগ্রামে আগের ভাড়াতেই চলছে বাস ও মিনিবাস। কোন রুটে কত ভাড়া তা নির্ধারণে শনিবার বৈঠক ডেকেছেন পরিবহন মালিকরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে কার্যকর হতে পারে নতুন ভাড়া।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে নতুন ভাড়ার হার ঘোষণা দেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঘোষণা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। দূরপাল্লায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আন্তঃজেলা পথেও প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে ১১ পয়সা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানিয়েছেন, ভাড়ার বিষয়ে শনিবার বৈঠক ডেকেছেন গণপরিবহন মালিকরা। সরকারি রেট ধরে কোন রুটে কত ভাড়া বাড়ে সেটি যাচাই করা হবে বৈঠকে।
আজ বৃহস্পতিবার নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি ও নিউমার্কেট এলাকার কয়েকটি রুট ঘুরে দেখা গেছে, আগের ভাড়াই নিচ্ছে অধিকাংশ বাস। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
বহদ্দারহাট থেকে কাছাকাছি গন্তব্যে যেখানে ভাড়া ১০ টাকা, সেখানে কিছু বাসে ১৫ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তারা। একইভাবে ১৫ টাকার ভাড়া ২০ টাকা পর্যন্ত চাওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে বেলায়েত হোসেন বেলাল বলেছেন, ‘তেলের দাম বাড়ায় কিছু বাড়তি ভাড়া আদায় করছেন চালকরা। আনুষ্ঠানিকভাবে ভাড়া নির্ধারণের আগেই ২ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন তারা। শনিবার বৈঠকের পর সমাধান হবে বিষয়টি।’



