মহিলা দল নেত্রীর এসএসসি পরীক্ষার প্রক্সি দিয়ে আটক কলেজছাত্রী

ছবি: আগামীর সময়
চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন কলেজছাত্রী। তবে তাকে আটক করেছেন কক্ষ পরিদর্শক। পরে তাকে সোপর্দ করা হয় থানায়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরীক্ষা দিচ্ছিলেন ওই নেত্রী। আজ শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক কলেজ ছাত্রীর নাম ঈশিতা আক্তার তিশা। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি শহর মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন।
নিপা খাতুনের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মহিলাদলের সভাপতি নাজমা আক্তার।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলীর ভাষ্য, আটক শিক্ষার্থী চক সুত্রাপুরের নিপা খাতুনের ভাগ্নি। তিনি জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষায় অংশ নেন। কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবিতে গড়মিল দেখে সন্দেহ করেন। পরে ঈশিতা আকতার নিজের নাম প্রকাশ করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
এ বিষয়ে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান আনোয়ার হোসেন জানান, বাংলা ২য় পত্রের পরীক্ষা দিতে এসে একজন আটক হয়েছেন। অভিযোগ দেওয়ার জন্য আমরা থানায় এসেছি।



