আগামীর সময়

কুমিল্লায় চিকিৎসা নিতে আসা মাকে অজ্ঞান করে শিশু অপহরণ

কুমিল্লায় চিকিৎসা নিতে আসা মাকে অজ্ঞান করে শিশু অপহরণ

ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে মা ও শিশু অপহরণের শিকার হয়েছেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। তিনি দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

অপহৃত মা উদ্ধার হলেও ২৭ দিনের শিশু আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত মায়ের নাম আকলিমা আক্তার (২৮)।

অপহৃতের ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে আমার বোন দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটোরিকশা চালক মো. কামাল হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (২৮) তার ২৭ দিনের শিশু আফসা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে আসার পর ২-৩ জন লোক বলেন এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে হলে আপনি আমাদের সঙ্গে ডাক্তারের চেম্বারে আসুন। নানাভাবে ফুঁসলিয়ে ওই মা-মেয়েকে হাসপাতাল থেকে বের করে মহাসড়কে ওঠার পর শয়তানের নিঃশ্বাস শুঁকিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এদিন বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতিসংলগ্ন সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় সেবা ‘৯৯৯’ নম্বর ফোনে বিষয়টি পুলিশকে অবহিত করলে দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর দেবিদ্বার থানা পুলিশ তাকে স্বামী ও ভাইয়ের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু সাথে থাকা তার শিশু কন্যার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই ঘটনায় ওই নারীর স্বামী দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযোগ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমাদের দুটি টিম শিশুটি উদ্ধার এবং ঘটনা অনুসন্ধানে মাঠে কাজ করছে। পথে পথে সিসি ক্যামেরা ফুটেজও চেক করা হচ্ছে।

    শেয়ার করুন: