ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

নওগাঁর রাণীনগরে বিদ্যালয়ের কমন রুমে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করা হয়েছে স্কুলশিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে।
অভিযুক্ত শ্রীদাম দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ এপ্রিল) স্কুল চলাকালীন সময়ে কমন রুমে একা বসে ছিলেন নবম শ্রেণির এক ছাত্রী। এ সময় কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন শ্রীদাম। এরপর বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান মেয়েটির স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন। ক্ষিপ্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরাও করেন তারা। এ সময় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ে না পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও রাণীনগর থানা পুলিশ। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এরপর রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি মো. রাকিবুল হাসান সাময়িক বরখাস্ত করেন শ্রীদামকে।
এদিকে, শিক্ষক শ্রীদাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘মিথ্যা অভিযোগ তুলে আমাকে হেনস্তা করছে একটি পক্ষ।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বলেছেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ। তাই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায়।



