বাসচাপায় নিহত অটোরিকশার দুই যাত্রী

ছবি: আগামীর সময়
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাসচাপায় নিহত হয়েছেন অটোরিকশার দুই আরোহী। গুরুতর আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল ‘আল্লাহর দান’ পরিবহনটি। ইলাশপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন আয়নাল হক নামের এক যাত্রী।
আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিস কর্মীরা পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে মারা যান আরেকজন। তার নাম নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি।
দুর্ঘটনার পর বাস-অটোরিকশা জব্দ করা হলেও পালিয়ে গেছেন দুই চালক— জানালেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ।



