তৃতীয় পক্ষের সঙ্গে বিরোধের জেরে বড় ভাইকে হত্যা!

ছবি: আগামীর সময়
নরসিংদী পৌরসভায় বড় ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. হাসান নামের এক যুবককে। পৌরসভার চৌয়ালা এলাকায় শনিবার সকালে ঘটেছে এই হত্যাকাণ্ড। নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
নিহত আল আমিন ছিলেন মিশুক চালক। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। নরসিংদীর রায়পুরায় বাড়ি তাদের। কাজের জন্য থাকেন পৌরসভায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত এলাকার মো. নাঈম নামে এক যুবকের সঙ্গে বিরোধ থেকে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের তথ্যে জানা গেছে, আল আমিন ও হাসানের বোন তাসলিমা বেগমকে অনেকদিন ধরে উত্যক্ত করছিলেন নাঈম। এ নিয়ে তার সঙ্গে বিভিন্ন সময় তর্ক হয় দুই ভাইয়ের। মাস তিনেক আগে আল আমিনকে মারধরও করেন নাঈম।
নিহতের স্ত্রী শিল্পী বেগমের ভাষ্য, হাসানের সঙ্গেও নাঈমের আরেক দফা তর্ক হয়। সবশেষ কিছুদিন আগে এসব দ্বন্দ্ব মিটমাট করার উদ্যোগ নেন আল আমিন। নাঈম এলাকায় প্রভাবশালী হওয়ায় টিকে থাকার জন্য এ উদ্যোগ নেন তিনি। এতেই বড় ভাইয়ের ওপর ক্ষেপে যান হাসান। এসব নিয়ে গতরাত থেকে দুই ভাইয়ের মধ্যে হয় তর্ক। সকালে ফের তর্কের সময় ধারাল কেচি দিয়ে বড় ভাইকে আঘাত করেন হাসান।
ঘটনাস্থলেই নিহত হন আল আমিন, পালিয়ে যান হাসান। পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তার করে নাঈমকে। বিকালে হাসানকেও করা হয় গ্রেপ্তার, জানিয়েছেন নরসিংদী মডেল থানার ওসি।



