পচা মাংস ফেরাতে গিয়ে হেনস্তা, পরে দোকান সিলগালা
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ছবি: আগামীর সময়
বাড়ির কাছের দোকান থেকে ১৩ কেজি গরুর মাংস কিনেছিলেন চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার মো. বাদল। বাসায় গিয়ে দেখেন, সবটুকুই পচে যাওয়া। সেগুলো ফেরত দিতে দোকানে যান তিনি ও তার স্ত্রী রেশমা খাতুন। এতে খেপে যান মাংস বিক্রেতা আরোজ আলী। গালমন্দ করেন তাদের।
এ ঘটনা আজ বৃহস্পতিবার সকালের। তখনই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অভিযোগ জানালেন বাদল ও রেশমা দম্পতি।
ইউএনও আশরাফুল আলম রাসেল দিয়েছেন এই বর্ণনা। জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে মাংসের দোকানে অভিযান চালানো হয়। খবর পেয়ে আগেই পালিয়ে যান বিক্রেতা আরোজ আলী।
অভিযানে পচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। নষ্ট করা হয় অবশিষ্ট পচা মাংস।



