নিজ ঘরে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ

রফিকুল ইসলাম
নাটোরের সিংড়া উপজেলায় নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের কেরাম আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গতকাল রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে মনোমালিন্য হলে পাশের রুমে ঘুমাতে যান রফিকুল ইসলাম। ভোরে তার স্ত্রী ফজরের নামাজ আদায় করতে উঠলে স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে যান। এ সময় বিছানায় রক্তাক্ত গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। পরে তার প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে।
ওসি বলেছেন, লাশ উদ্ধার করে পাঠানো হচ্ছে নাটোর সদর হাসপাতালের মর্গে। মৃত্যুর ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।



