কুমিল্লা
বুড়িচংয়ে মহাসড়কের পাশে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় উচ্ছেদ করা হয়েছে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠেছিল এসব স্থপনা।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে দখলমুক্ত করা হয় মহাসড়কের দুই পাশ।
দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে নিমসার বাজার এলাকায় যানজট ও দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। জনভোগান্তি নিরসনে জেলা প্রশাসন ও সওজ বিভাগ যৌথভাবে চালায় এই অভিযান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া।
অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কঠোর নজরদারি। অভিযানে নেতৃত্ব দিয়েছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি দেবপুর পুলিশ ফাঁড়ি ও জেলা থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ফোর্স। ফলে কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় উচ্ছেদ অভিযান।
সওজ সূত্র জানায়, অবৈধ স্থপনা সরিয়ে নিতে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু মান্য করা হয়নি সেই নির্দেশনা। সোমবার তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজারের প্রায় আধা কিলোমিটার এলাকা এই অভিযান চালানো হয়।
অভিযানে উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে: সবজির আড়ত ও ফলের দোকান; হোটেল ও কনফেকশনারি; কাপড়, জুতা ও মুদি দোকান এবং ফার্নিচার শোরুমসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে উঠেছিল এসব দোকানপাট। অবৈধ স্থাপনার ফলে সংকুচিত হয়ে পড়েছিল মহাসড়ক।
সওজ কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এতে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকিও। উদ্ধারকৃত জায়গায় পুনরায় যেন কেউ দখল করতে না পারে, সেজন্য থাকবে নিয়মিত নজরদারি।



