আগামীর সময়

আমিরকে চিঠি দিয়ে দল ছাড়লেন জামায়াত নেতা

আমিরকে চিঠি দিয়ে দল ছাড়লেন জামায়াত নেতা

সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ দলের রুকনিয়াতসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের কাছে অব্যাহতিপত্র পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সিলেট মহানগর জামায়াত আমিরের কাছে পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক বহুবিধ অসুবিধার কারণে তার ওপর অর্পিত সব ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক।

এরপর শুক্রবার (৬ মার্চ) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি রাজনীতি ও দলত্যাগের নানা কারণ তুলে ধরেন। ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, ‘জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথি হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃতি পাই।’

তিনি বলেন, দীর্ঘ পথপরিক্রমা শেষে ২০১৩ সালে আমি রোকন হিসেবে শপথ নিই। এরপর ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং ২০২৩ সালে একই ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করি।

সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ে দৃঢ় প্রতিবাদ করেছেন জানিয়ে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, ‘আমার অতীত সাংগঠনিক তৎপরতার উসিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কোনো অবদানের স্বীকৃতি নয়, আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি, সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দানটুকুকে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে কবুল করার দোয়া করি।’

পদত্যাগের পেছনের ক্ষোভের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘চেষ্টা করেছি ২৫ নম্বর ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বারবার আমার যাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে, আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।’

    শেয়ার করুন: