পেছন থেকে বাসকে ট্রাকের ধাক্কা, আহত ১৫

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ছবি : আগামীর সময়
মাদারীপুরের শিবচরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ি থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের বাসের ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ওসি জহুরুল ইসলাম জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



